সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসী বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তারা। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে চারজনই প্রাণ হারান।
নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানিয়েছেন প্রবাসীরা। তাদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়া নামে দুজনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অজ্ঞাত দুজনের পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
একসঙ্গে চার প্রবাসীর মৃত্যুর খবরে সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটিতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কানাইঘাটে নিহতদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোক।