আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে অস্ত্রসদৃশ একটি রিভলবার, একটি বুলেট ও দুটি চাকুসহ মো. জবেদ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জবেদ হোসেন উপজেলার বিষ্ণুপুর গ্রামের কালা মিয়ার বাড়ির মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে। পুলিশ জানায়, অভিযান চালিয়ে জবেদ হোসেনের বসতঘর থেকে অস্ত্রসদৃশ একটি রিভলবার, একটি বুলেট ও দুটি চাকু উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানায় নেওয়া হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় গ্রেপ্তার জবেদ হোসেনের বিরুদ্ধে সেনবাগ থানায় আজ মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।