নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণার এক মাসের মাথায় জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মদনপুরে আয়োজিত পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
এর আগে গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। ওই সমাবেশে তার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির নেতারা। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জে এলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়।
সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনও পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ ঘটনার এক মাস পর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নারায়ণগঞ্জে আসার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানান, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এ ছাড়া সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহরও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
লংমার্চ ও পথসভা ঘিরে প্রশাসনের সহযোগিতা কামনা করে যুবাইর সরদার বলেন, “আমাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা ভয় নেই। কারণ এই লংমার্চ ও সমাবেশ কোনো দলীয় স্বার্থে নয়। সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি করা হচ্ছে।”
কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার পর এবার তার নারায়ণগঞ্জ সফরকে কেন্দ্র করে কর্মসূচির পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রয়েছে স্থানীয় রাজনৈতিক মহলের।