বাংলাদেশে একদিন ইনশাআল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হবে? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।’
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরি করে অশান্তি সৃষ্টি করা হবে না। ইসলামের শিক্ষা অনুসরণ করে বাস্তব জীবনেও এর প্রমাণ দেওয়ার কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, কওমি শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের তারা আলাদা করে দেখেন না। তাদের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কথা বলাকে নিজেদের দায়িত্ব মনে করেন। কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, বরং বিবেকের দায়বদ্ধতা থেকেই এ অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘কোনো বাতিলের সঙ্গে আপস করব না এবং আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না।’ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার জন্য মহান আল্লাহর কাছে তৌফিকও কামনা করেন জামায়াত আমির।