বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ করে দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ গণতন্ত্রের চর্চা ও বিকাশ ঘটিয়েছে।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। তাই এ দলকে রাজাকার বলার সুযোগ নেই। একইভাবে বিএনপিকে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী দলও বলা যায় না। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। তার নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলন পর্যন্ত গণতন্ত্রকামী বিভিন্ন কর্মসূচিতে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, বিএনপি তখনই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি কখনো গণতন্ত্রের বিরুদ্ধে যায়নি বলেও দাবি করেন তিনি।
সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং স্কুল শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, বিএনপি কখনো জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়নি। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই দলটি কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে গণতন্ত্রবিরোধী কোনো শক্তি যাতে ভবিষ্যতে দেশে ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।