আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের ব্যানারে নয়, নিজ নিজ দলের পক্ষ থেকে আলাদাভাবে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের প্রতি জামায়াতে ইসলামী এখনো আস্থাশীল। তাই নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ইতোমধ্যে দলের স্থানীয় শাখাগুলোকে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবকে অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, তাকে পদে বহাল রেখে নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব নয়। তাঁর দাবি, ওই কর্মকর্তা বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় নির্বাচনে জোটের অবস্থান প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ১১ দলীয় ঐক্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে এই ঐক্য কার্যকর থাকবে না। ফলে প্রত্যেক দল নিজ নিজ প্রতীকে বা স্বতন্ত্রভাবে আলাদাভাবে প্রার্থী দেবে।
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়েও আপত্তি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না দেওয়ার সিদ্ধান্ত সংবিধানবিরোধী। নির্বাচন কমিশনই এ বিষয়ে সুপারিশ করেছে উল্লেখ করে তিনি সিদ্ধান্তটি বাতিলের দাবি জানান।
এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে বিষয়েও নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
ইসির অতিরিক্ত সচিবকে অপসারণের দাবির বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ওই কর্মকর্তা বিএনপির একটি পদে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারই তাকে নিয়োগ দিয়েছে।