মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুট হওয়া ৫০টি শটগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম ও অভিযান পরিচালনা করছে র্যাব। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল কাজে লাগিয়ে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদের মজুদ, পরিবহন এবং ব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে র্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল শ্রীনগর থানাধীন মধ্য বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে একটি পতিত জমিতে থাকা পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫০টি শটগানের কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করে র্যাব।
র্যাবের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া শটগানের তাজা কার্তুজ।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।