নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফজলে রাব্বি (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। শিশুটি নাজিরগঞ্জ আশ্রাফুন্নেছা চৌধুরী হাফিজিয়া মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। সোমবার বিকেলে উপজেলার সোনাকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফজলে রাব্বি উপজেলার সুখারি ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের অসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ফজলে রাব্বি মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার বিকেলে মা কে জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পাড় হলেও গোসল করে বাড়িতে আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।
একপর্যায়ে পুকুর পাড়ে তার কাপড় দেখতে পান স্বজনরা। রাব্বির মা পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় তাকে খোঁজে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাকে উঠান। পরের স্থানীয় চিকিৎসক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আটপাড়া থানার পরিদর্শক তদন্ত প্রদীপ কুমার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।