মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, ব্যক্তিগত গুণাবলি ও নীতির প্রতি তার অবস্থানের প্রশংসা করেন তাসনিম জারা।
পোস্টে তিনি লিখেছেন, ২০১৮ সালে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পান তিনি। ওই নির্বাচনের আগে তরুণ ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুলের দেওয়া একটি বক্তব্য তাকে ভোটকেন্দ্রে যেতে অনুপ্রাণিত করেছিল। তবে ভোট দিতে গিয়ে তিনি কারচুপির অভিযোগ প্রত্যক্ষ করেন বলেও উল্লেখ করেন।
তাসনিম জারা বলেন, মির্জা ফখরুল নিজের আসনে জয়ী হলেও সেই সংসদে যোগ দেননি। তার মতে, ক্ষমতার সুযোগ পেয়েও নীতির প্রশ্নে তা প্রত্যাখ্যান করার ঘটনা সবার পক্ষে সম্ভব নয়।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সততা নিয়েও প্রশংসা করেন তাসনিম জারা। তার দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দাঁড় করাতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তাকে কখনো অর্থ উপার্জনের উদ্দেশ্যে রাজনীতিতে আসা মানুষ বলেও মনে হয়নি বলে জানান তিনি।
রাজনৈতিক জীবনে মির্জা ফখরুলের কাছ থেকে পরামর্শ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাসনিম জারা বলেন, তিনি বিভিন্ন সময় বই পড়ার পরামর্শ দিয়েছেন, বইয়ের নাম বলেছেন এবং নিজের বইও দিয়েছেন। রাজনীতিতে বই ও জ্ঞানচর্চার গুরুত্বকে তিনি বিশেষভাবে মূল্যায়ন করেন বলেও উল্লেখ করেন।
রাষ্ট্রপতি পদ প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ক্ষমতার পালাবদলের সময় এই পদ দেশের গুরুত্বপূর্ণ সংকটের কেন্দ্রে থাকে। আবার যোগ্য ব্যক্তির নেতৃত্বে রাষ্ট্রপতির পদ দেশের স্থিতিশীলতা ফিরিয়েও আনতে পারে।
মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রপতি পদটির মর্যাদা ও রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করে তিনি পোস্টের শেষদিকে লিখেছেন, ‘আজ থেকে তিনি আর তার দলের কেউ না। বাংলাদেশের।’