ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে এমন কিছু কাজ করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে অন্য কোনো নেতৃত্ব করতে পারেনি।
শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ডাকসুর বর্তমান নেতৃত্বের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষার্থীদের অধিকার কীভাবে আদায় করতে হয়, গত ১১ মাসে সেটিও নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
একাধিক জরিপের তথ্য তুলে ধরে ডাকসুর ভিপি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপদ।
পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।