গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে সেগুলো দেখতে পান।
স্থানীয় বাসিন্দা কবির সরকার বলেন, ‘‘সড়ক থেকে একটি হাঁটার পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।’’
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন প্রধান বলেন, ‘‘গত রাতে ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে কৃষকেরা বিষয়টি দেখে তাকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন।’’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ‘‘ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। সেখান থেকে ১২টি ঘোড়ার মাথাসহ দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে দেহাবশেষ সেখানে ফেলে গেছে কোনো চক্র। মাংস কোথায় নেওয়া হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘উদ্ধার করা দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’