বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাসে দেশে বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা হবে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ‘নতজানু পররাষ্ট্রনীতি’ বন্ধ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের পরিবহন ব্যবস্থার উন্নয়নে ২০০টি ইলেকট্রনিক বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, গত ছয় মাসে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কার্যক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। জনগণের মধ্যেও সরকারের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় সফরকালে বিপুলসংখ্যক মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন।
বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের বিষয়ে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে এসব ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তার দাবি, এই সময়ে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি।