মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার কথা বলে এক নারীকে নির্জন স্থানে নিয়ে স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় সম্রাট (২৭) নামের ওই যুবককে অটোরিকশাসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার আমেনা (৬০) কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় কাজ করতে আসেন। তিনি যে বাড়িতে কাজ করতে এসেছিলেন, সেটির মালিকের নাম বলতে না পারায় অটোরিকশাচালক সম্রাট তাকে আকিকার মাংস দেওয়ার কথা বলেন। এরপর কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ।
সেখানে ভয়ভীতি দেখিয়ে আমেনার কাছ থেকে স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি নিয়ে সম্রাট পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সম্রাটকে অটোরিকশাসহ আটক করেন।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক সম্রাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশা চালান। তার বাবার নাম জানা যায়নি।
শ্রীনগর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।