মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় জুবায়ের নামের ওই কিশোরের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।
শিশুটির বাবার অভিযোগ, সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে নয়াগাঁও পূর্বপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে জুবায়ের খেলার কথা বলে তার ঘরে শিশুটিকে ডেকে নেয়। পরে ঘরের ভেতর শিশুটিকে ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার কিছুক্ষণ পর, দুপুর ৩টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে। এ সময় শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি ডাক-চিৎকার শুরু করলে জুবায়ের বাসা থেকে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।