ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগকে সরানোর কারণ যদি তাদের অন্যায় ও অনিয়ম হয়ে থাকে, তাহলে একই ধরনের কর্মকাণ্ড নতুন করে করা হলে আওয়ামী লীগের দোষ কোথায় ছিল—এ প্রশ্নের উত্তর দিতে হবে।
সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, গত এক বছরে রুমিন ফারহানার বক্তব্যের একটি অংশকে অনেকে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলে মনে করছেন। কেউ কেউ তাকে ‘গুপ্ত আওয়ামী লীগার’ বলেও মন্তব্য করছেন।
জবাবে রুমিন বলেন, তিনি আওয়ামী লীগ করেন না। তবে অন্যায়ের প্রতিবাদ ব্যক্তি দেখে নয়, নীতির ভিত্তিতে হওয়া উচিত। তার ভাষায়, যখন বিএনপি ‘আইসিইউতে’ ছিল, তখন তিনি বিএনপিকে বাঁচানোর চেষ্টা করেছেন; একইভাবে আওয়ামী লীগ যখন চাপে থাকে, তখন তাদের প্রতি অন্যায় হলে সেটিরও প্রতিবাদ করা প্রয়োজন।
রুমিন বলেন, প্রতিপক্ষ দুর্বল অবস্থায় থাকলে তাকে আঘাত করা কাপুরুষোচিত। তিনি ‘অ্যান আই ফর অ্যান আই’ নীতির সমালোচনা করে বলেন, ঘৃণার জবাব ঘৃণা দিয়ে দিলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে না।
তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের আমলে বিরোধীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদ করা হয়ে থাকলে, বর্তমানে একই ধরনের ঘটনা ঘটলেও তার প্রতিবাদ করতে হবে। ব্যক্তি নয়, ন্যায়বিচারের পক্ষেই থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।