মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা। সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বুধবার (৫ আগস্ট) বাদ আসর বড়লেখা পৌর শহরের নুরজাহান কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জুলাই যুদ্ধ-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম এবং বর্তমান নির্বাচিত সরকারের ছয় মাসের কার্যক্রম জনগণ মূল্যায়ন করবে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি ছিল। অন্যদিকে বর্তমান সরকার বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা ও দুর্নীতির অভিযোগ মোকাবিলায় জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সরকারের উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “দমন-পীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না।” জুলাই যুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের, মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি গণমিছিল বড়লেখা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।