জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের মাগুরার বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের বাড়িটিতে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মোটরসাইকেলে করে তিন থেকে চারজন ব্যক্তি বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের সামনে এসে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওসি আব্দুল আল মামুন বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গেটে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বোমা বা বিস্ফোরণের যে দাবি ছড়িয়েছে, তার সত্যতা পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনাস্থলে ককটেল সদৃশ বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।