চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, গুম, হত্যা, কারাবরণ ও নির্যাতনের ধারাবাহিক পরিণতি।
বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেমিনার হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের উদ্যোগে ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহবুবুর রহমান শামীম বলেন, ছাত্রদের আন্দোলনের সময় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে থাকার নির্দেশনা দিয়েছিলেন। তার নেতৃত্ব এবং ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভক্তি বা বিতর্কের কোনো সুযোগ নেই। এটি ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফল। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
হাসপাতালের চেয়ারম্যান হিসেবে চিকিৎসাসেবার প্রসঙ্গ তুলে শামীম বলেন, একসময় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান অত্যন্ত প্রশংসিত ছিল। সেই মান পুনরুদ্ধারে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্দরকিল্লার মতো গুরুত্বপূর্ণ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে নগরবাসী আরও বেশি উপকৃত হবে।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানার সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।
এছাড়া বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক জিয়া, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের যুবপ্রধান সিরাজুল করিম হিরু এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুঁইসহ অন্যরা।