পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের কারণেই দেশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। তিনি বলেন, এই আন্দোলন না হলে তৎকালীন সরকারের পতন সম্ভব হতো না।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই মাসজুড়ে তীব্র আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। ছাত্র-জনতার এই আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আগের সরকার আমলে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ছিল না। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। স্বৈরাচারের পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান এবং স্থানীয় জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ।