বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল।
সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২৪ সালের আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।
পোস্টে আব্দুল কাদের দাবি করেন, এক দফা ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। এর অংশ হিসেবে ছাত্রদলের নেতা রাকিব ও নাছির উদ্দীনের সঙ্গে যোগাযোগ করেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, নাছির উদ্দীনকে এক দফা ঘোষণার বিষয়টি জানানো হলে তিনি বলেন, “বিষয়টি আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলোচনা করে নিই।”
আব্দুল কাদের দাবি করেন, পরে রাতে নাছির উদ্দীন তাকে জানান, এক দফা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এ বিষয়ে তারেক রহমানও অবগত আছেন। এরপর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক মতামত জানিয়েছিলেন। এরপর ঘোষণাপত্র প্রস্তুত ও পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া হয়।
আব্দুল কাদের তার পোস্টে বলেন, সে সময় মাঠের পরিস্থিতি, সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির বিষয় বিবেচনা করে দ্রুত এক দফা ঘোষণার পক্ষে ছিলেন তিনি। তবে সমন্বয়কদের মধ্যে এ নিয়ে আলোচনা ও মতপার্থক্য ছিল বলেও উল্লেখ করেন।
তিনি দাবি করেন, এক দফা ঘোষণার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে আব্দুল কাদেরের এসব বক্তব্য তার নিজের ফেসবুক পোস্টে করা দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।