হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এর পরিবর্তে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষার এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।
ফেসবুক পোস্টের শেষাংশে সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখেন, “আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, এনসিপি দাবি করেছে, হবিগঞ্জে তাদের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।