সড়ক পরিবহণ মালিক-শ্রমিকদের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (১ আগস্ট) সড়ক পরিবহণ শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু।
শিমুল বিশ্বাস বলেন, সড়ক পরিবহণ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিক ও মালিকদের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এ খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান বলেন, শ্রমিকদের ঐক্য, সাংগঠনিক শক্তি ও আলোচনার মাধ্যমেই তাদের অধিকার প্রতিষ্ঠা এবং চলমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক নেতারা কর্মক্ষেত্রের নানা সমস্যা, সড়ক নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহণ খাতের বিদ্যমান সংকট তুলে ধরেন।
এ সময় সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদসহ বিভিন্ন শ্রমিক নেতা বক্তব্য দেন।