সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার হিসেবে দেশের প্রতিটি মানুষের পাশে থাকতে চায়। তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন এবং একই সঙ্গে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই স্বৈরাচার আবার দেশে ফিরে আসতে না পারে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তার আশা, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে এসব কার্ড পৌঁছে যাবে এবং আগামী তিন বছরের মধ্যে প্রায় সব উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড তুলে দেওয়া সম্ভব হবে। এ জন্য তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ডা. জাহিদ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।