মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
সিলেটের কানাইঘাট উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার কানাইঘাট উপজেলার উত্তরা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সিলেটের গোলাপগঞ্জে সফরকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হামলার শিকার হন। পরে পুলিশের কড়া নিরাপত্তায় গোলাপগঞ্জ উপজেলা থেকে কানাইঘাটে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে উপস্থিত হয়ে মঞ্চে ওঠে
বিরোধীদলীয় চিফ হুইপ,জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করেন। পুরো সভাস্থলজুড়ে ‘তুমি কে? আমি কে? …’ স্লোগানে মুখর হয়ে ওঠে। সমাবেশে এনসিপির নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। দলীয় নেতাকর্মী ও কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট টেকিং করার চেষ্টা হবে। জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে।
আপনারা সে জন্য প্রস্তুত থাকবেন। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা ঠেকাতে পারিনি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী কিংবা সন্ত্রাসীদের জায়গা করে দিতে দেওয়া হবে না।”
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, তাদের ওপর হামলার পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ মদদ রয়েছে। তিনি আরও বলেন, “আমাদের নিশ্চিহ্ন করে দিলেও আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত।”
এ ছাড়া পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ।