অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে নবজাতককে জন্মের পর মায়ের শালদুধ (প্রথম দুধ) খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে পুষ্টিহীনতার কারণে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তার মতে, অনেক নবজাতক শালদুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং পর্যাপ্ত সুষম খাদ্যও পাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা এবং শিশুদের পুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রোগীর চিকিৎসায় ও মানসিক সুস্থতায় চিকিৎসকদের আন্তরিক আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দেশে যক্ষ্মা (টিবি) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ এবং ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।