বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আইডিবি ভবনের কাউন্সিল হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও দেশকে পুরোনো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একসময় নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছিল এবং সেই পরিবেশ যেন আবার ফিরে আসছে। তবে জামায়াতে ইসলামী কোনোভাবেই সেই পথে হাঁটবে না বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, দলটি সরকারে না থাকলেও সংসদে জনগণ ও শহীদ পরিবারের পক্ষে সোচ্চার থাকবে। গণভোটের বিষয়ে আপসের নানা প্রস্তাব ও প্রলোভন এলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবেন না এবং গণভোটের রায় একদিন বাস্তবায়িত হবে।
বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চান। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে সঠিক পথে ফিরে আসা উচিত।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধা ও তাদের দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। তবে ভয়ভীতি বা হামলায় তাদের অবস্থান বদলাবে না। দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে তারা কথা বলে যাবেন বলেও জানান।
মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।