সন্তানকে সম্পত্তি হস্তান্তর করার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখলের অধিকার বাবা-মায়ের হাতে রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সম্পত্তি-সংক্রান্ত পারিবারিক বিরোধ ও দেওয়ানি মামলার সংখ্যা কমবে বলে সরকার আশা করছে। বর্তমানে মুসলিম আইনে হেবা করার পর সম্পত্তির পূর্ণ মালিকানা সন্তানের কাছে চলে যায়, ফলে অনেক ক্ষেত্রে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে অসহায় হয়ে পড়েন।
তিনি জানান, এ সমস্যা সমাধানে সম্পত্তি হস্তান্তর আইন-এ ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিধান কার্যকর হলে সন্তানকে সম্পত্তি উপহার দেওয়ার পরও বাবা-মা জীবদ্দশায় সেটি ব্যবহার ও ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। তবে বিশেষ প্রয়োজন, যেমন চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি জরুরি হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের অনুমোদনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রাখা হবে।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আইনি পরিবর্তনের ফলে পারিবারিক বিরোধ কমবে এবং সম্পত্তি-সংক্রান্ত মামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এ সময় তিনি আরও জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে।