স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত চার থেকে পাঁচ মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তার দাবি, ঘুষ ও দুর্নীতি আগের মতোই চলছে এবং অনেক ভালো উদ্যোগও বাস্তবায়নের পথে বাধার মুখে পড়ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তিনি রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চেয়েছিলেন। তার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের জন্য আন্তরিকভাবে কাজ করছেন, তবে সামগ্রিকভাবে সেই পরিবর্তনের প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।
তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে সবার আগে নিজেদের পরিবর্তন করতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে অনেকেই নিজেদের জুলাই আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দিচ্ছেন। তার অভিযোগ, এদের মধ্যে কেউ কেউ এখন বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের জীবনমান প্রত্যাশিতভাবে উন্নত হয়নি। ক্ষমতায় গেলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, আর সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা আত্মত্যাগ করেছেন। তিনি বলেন, সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে না পারলে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হবে।