বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন অনেকেই নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে যারা অবস্থান বদলেছেন, তারাই এখন বেশি অপকর্মে জড়িয়ে পড়ছেন। তিনি দাবি করেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি; আগের মতোই ঘুষ ও দুর্নীতি চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। তার মতে, ক্ষমতায় গেলে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়, আর এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দাবিতেই জুলাই আন্দোলনে তরুণরা জীবন দিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে না পারলে সেই রক্তদান বৃথা যাবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায় এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন। তিনি এ প্রচেষ্টায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার বা ব্যবসার হাতিয়ার বানাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।