সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
চার আরোহী নিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন জয়নাল আবেদীন (৬০) নামে এক কৃষক। দিনের আলোয় ব্যস্ত আঞ্চলিক মহাসড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনা আবারও সড়কে অতিরিক্ত আরোহী বহন ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঝুঁকিকে সামনে এনে দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামসংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জয়নাল আবেদীন সড়কের পাশ দিয়ে হেঁটে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চার আরোহী বহনকারী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ভাতিজা আলতাফ হোসেন বলেন, চাচা ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন। সড়কের পাশ দিয়ে হাঁটার সময় চারজন আরোহী বহনকারী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও এর আরোহীদের শনাক্তের চেষ্টা চলছে।