দেশে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সারের সরবরাহ নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সারের ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় কৃষি গবেষণা জোরদার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।