আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি অভিযোগকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা,
সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজনের সঙ্গে তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগটি একটি সামাজিক ও নাগরিক সংগঠন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়।
এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন হিরো আলম। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জীবনের বিভিন্ন সময়ে তিনি আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেছেন এবং এর জন্য হামলারও শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে এমন অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মনে করেন।
হিরো আলম আরও বলেন, অভিযোগকারীরা যদি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তবে তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না, এক হিরো আলম চলে গেলে কিছুই হবে না।”
একই সঙ্গে তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে জানান, আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের হয়ে কখনো প্রচারণা বা ভোট চাননি এবং সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।