আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার চার আসামি, মাদক-সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজন এবং অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সেনবাগ থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারী নির্যাতন মামলার এক আসামি, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন এবং ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি রয়েছেন।
এছাড়া মাদকদ্রব্য কেনাবেচার সন্দেহে তিনজনকে এবং অপরাধ সংঘটনের আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে আরও দুইজনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত দুই ব্যক্তির একজনকে ১৫ দিনের এবং অন্যজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশেষ অভিযান ও গ্রেফতারের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার।