কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যে ফজলুর রহমান জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তে আস্থা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত তিনি তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। ইতোমধ্যে গ্রেপ্তার আসামিদের আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমি অপেক্ষা করছি। যদি তদন্তকারী সংস্থাগুলো হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেব। জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করবই। আর যদি সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এমপিত্ব ছেড়ে দেব।”
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী দল হিসেবে উল্লেখ করে দলটির বিরুদ্ধে সমালোচনাও করেন। পাশাপাশি গত নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে মিঠামইনের বিভিন্ন ইউনিয়নে নিজের পরাজয়ের বিষয় উল্লেখ করে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন।
শোকসভায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।