ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলা করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। অভিযোগে হত্যার পরিকল্পনা, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকদের সম্পৃক্ততার বিষয় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর র্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, শ্যালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।