মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধি
সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ভোলার রাজপথে এক হয়ে কাজ করছে সংবাদকর্মীরা। সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে নানা প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে শুভ সূচনা হয় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচির। এতে সহযোগিতা করেন প্রেস ক্লাবের অফিস সহকারী ফজলে আলম কিসলু।
পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশনের সদস্যরা চারা রোপণ করেন ভোলা পৌরসভা চত্বর ও হলি চাইল্ড একাডেমি প্রাঙ্গণে। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনে এনে দেয় উৎসবের আমেজ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি মেহেদী হাসান নোয়াব, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ আজাদ, সদস্য নেওয়াজ শরিফ, জুয়েল রানা, নুরনবী নোয়াব, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মঞ্জু ইসলাম।
ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ বলেন,পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে প্রত্যেকেরই নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের পরিচর্যায় এগিয়ে আসা উচিত।
ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, শুধু গাছ লাগানো নয়, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেবল সচেতনতা তৈরিই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিতভাবে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।