মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চরাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে কান্দারবাড়ী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা দিঘীরপাড় সেতু নির্মাণ, কান্দারবাড়ীতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং দিঘীরপাড় খেয়াঘাট থেকে বানিয়াল পর্যন্ত সড়ক পাকাকরণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপার ও কাঁচা সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়।
বক্তারা বলেন, দিঘীরপাড়ে একটি সেতু নির্মিত হলে শুধু যাতায়াতই সহজ হবে না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক উন্নয়ন ঘটবে। একই সঙ্গে কান্দারবাড়ীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে প্রতি বছর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থায়ী সুরক্ষা পাবে।
তারা আরও বলেন, দিঘীরপাড় খেয়াঘাট থেকে বানিয়াল পর্যন্ত সড়কটি পাকা করা হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং চরাঞ্চলের মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবেন।
মানববন্ধনে বক্তব্য দেন তৌহিদ খান, আক্তার গাজী, মো. জাফর খান, আব্দুল কুদ্দুস, সবুজ হাসানসহ স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরাও চরাঞ্চলের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, বর্ষাকালে সন্তানদের স্কুলে পাঠানো, চিকিৎসাসেবা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে চরম কষ্ট হয়। তারা অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে আয়োজকেরা জানান, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে চরাঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।