বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে বাংলাদেশ সরকার সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করেই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।
বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। এ বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।