রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, “গুঞ্জন তো গুঞ্জনই।” তিনি জানান, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব।”
তিনি বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সংবিধান অনুযায়ী তা করার সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে তিনি কোনো তথ্য জানেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হচ্ছে না। তিনি (রাষ্ট্রপতি) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।”
বিদেশে চিকিৎসার সময় রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাঁকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি বলেন, “রাষ্ট্রপতি কে হবেন, সেটি পরে দেখা যাবে।”