জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ভারতে চলমান বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। তিনি কটাক্ষ করে বলেন, তাঁর ধারণা, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে মোদিকেও সঙ্গে নিয়ে ফিরবেন।
গত বুধবার রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনা পুনরায় ঘটেছে, যা তিনি দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা হয়, বর্তমানে সেই দলই গুম কমিশনের বিরোধিতা করছে। তাঁর ভাষ্য, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।
ভারতের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনা যে দেশে যান, সেখানে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। তিনি মন্তব্য করেন, ভারতের বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। কটাক্ষ করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়ে ফিরবেন।
পথসভা ও পদযাত্রা শেষে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ।