মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী বাজারে একটি ট্রলিগাড়ির স্কেল (লোহার যন্ত্রাংশ) চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী (বিডিপি) সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যে স্থান থেকে ট্রলিগাড়ির স্কেলটি চুরি হয়েছে, তার অদূরেই বিডিপির একটি চেকপোস্ট রয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার সময় সদস্যরা দায়িত্বে থাকলেও চুরির বিষয়টি তাদের নজরে আসেনি।
ভুক্তভোগী ট্রলিচালক শাহীন বলেন, রাত প্রায় ১২টা পর্যন্ত আমি নিজেই ট্রলিগাড়িটি পাহারা দিয়ে বাসায় যাই। সকালে এসে দেখি গাড়ির স্কেলটি নেই। পাশে বিডিপির সদস্যরা দায়িত্বে ছিলেন, তারপরও এমন ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, নিয়মিত টহল ও সতর্ক নজরদারি থাকলে হয়তো চুরির ঘটনাটি এড়ানো সম্ভব হতো।
বাজারের দোকানদার শ্যামল নাথ বলেন, বাজারের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ ধরনের ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
আরেক ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, যে কক্ষের সামনে বিডিপির সদস্যরা অবস্থান করেন, ঠিক সেখানেই ট্রলিগাড়িটি রাখা ছিল। সেখান থেকে স্কেল খুলে নিয়ে যাওয়া হলেও কেউ বিষয়টি টের পাননি। ঘটনাটি আমাদের জন্য হতাশাজনক।
মধ্য বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, “ঘটনার বিষয়টি আমরা বিডিপির পিসিকে জানিয়েছি। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মধ্য বোয়ালখালী ১ নম্বর হিল বিডিপির পিসি মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। দায়িত্বে থাকা সদস্যদের বিকেল ৫টায় অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্তে কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, বাজারের নিরাপত্তা জোরদার এবং দায়িত্বে অবহেলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।