‘শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে নিজেকে অপরাধী মনে হয়’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, গুম, নির্যাতন এবং বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের স্মৃতি সংরক্ষণ জাতির দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ন্যায়, গণতন্ত্র ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ পরিবর্তন আনতে সক্ষম এবং গণতান্ত্রিক শক্তির প্রতি আস্থা রাখাই হবে এগিয়ে যাওয়ার পথ।
বক্তব্যে মির্জা ফখরুল দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে ফ্যাসিবাদী শাসনের পথ তৈরি হয় এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।