সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। তবে প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির’ দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্যক্রম বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের ওপর ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও দ্রুত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের নির্ভুল ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন সহজ হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা আরও দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।