সরকারি ও বিরোধীদল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ এবং পরবর্তীতে শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়েই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলন সফল হয় এবং ফ্যাসিবাদের পতন ঘটে।
তিনি আরও বলেন, এই দিনটি জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে এগিয়ে যাবে।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনার মধ্য দিয়েই আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ বহু আন্দোলনকারীর আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয় বলেও মন্তব্য করেন তিনি।