মুন্সিগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নেতৃত্বের অবস্থানে আনা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতায় রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এরপর নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত ছিল। তিনি রূপক অর্থে বলেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ভেঙে পড়লেও তা মেরামত না করেই নেতৃত্বের আসনে বসানো হয়েছে।
সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বিষয়টি নির্বাচনের ক্ষেত্রে বারবার উল্লেখ করা হলেও অতীতের রাজনৈতিক বাস্তবতায় অনেক ক্ষেত্রেই সংবিধানের ধারাবাহিকতা বজায় থাকেনি। এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার অতীত অবস্থান তুলে ধরে বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে বঞ্চিত হওয়া নেতাকর্মীরা চাইলে এনসিপিতে যোগ দিয়ে দেশ গঠনের কাজে অংশ নিতে পারেন। তাদের জন্য দলের দরজা খোলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিরাজদীখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত, ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হেদায়েত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।