ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাহিদের সহপাঠীরা নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, মামাতো বোনের বিয়ের দাওয়াত শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদ। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। জাহিদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের বাসিন্দা ছিলেন।
জাহিদের সহপাঠী ও ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া বলেন, ‘জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। আজ বিকেলেও তাকে ঘুরতে বের হওয়ার জন্য মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এটাই যে তার সঙ্গে আমার শেষ কথা হবে, ভাবতে পারিনি। তার এমন মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
জাহিদ হাসানের জানাজার নামাজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
আবু তাহের
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০১৯৮০০২৮২২৭