সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি টেলিভিশনের টকশোতে আর অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, “আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।”
তবে কী কারণে তিনি টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে তার এ ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অতিথি হিসেবে অংশ নিতেন গোলাম মাওলা রনি। বিভিন্ন জাতীয় ইস্যুতে তার বিশ্লেষণ ও মন্তব্য দর্শকদের কাছে পরিচিত ছিল।
সর্বশেষ ঘোষণায় তিনি জানিয়েছেন, ভবিষ্যতে টেলিভিশনের পরিবর্তে নিজের ইউটিউব চ্যানেলেই মতামত ও বিশ্লেষণ তুলে ধরবেন। তার এই সিদ্ধান্তে টেলিভিশনের টকশো অঙ্গনে একটি পরিচিত মুখের অনুপস্থিতি তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতে তিনি আবার টকশোতে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি।