শুধু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নয়, দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাত করতেও জুলাই অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, যারা দেশকে দখল ও বিভক্ত করার ষড়যন্ত্র করছে, তাদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে ‘জঙ্গি’ ইস্যু তৈরি করে ইসলামপন্থি, আলেম-ওলামা ও মাদরাসার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ধর্মকে কোনো ধরনের সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, জনগণ দেশ রক্ষায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই অভ্যুত্থান হয়েছে। তিনি দাবি করেন, জুলাই সনদের পক্ষে জনগণের বড় অংশ সমর্থন দিয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলন সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ছিল। তিনি জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ দেশের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোকে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলপূর্ব সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।