ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। এ ক্ষেত্রে কোনো বিদেশি চাপকে তারা গ্রহণ করবে না।
রোববার (১৬ আগস্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন কী চায়—এটি পরিষ্কার। বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। আমেরিকা কিংবা ভারতের কোনো রক্তচক্ষু ইসলামী আন্দোলন মেনে নেবে না।’
দেশের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কীভাবে দুর্নীতি বন্ধ করবেন? তার মতে, নিম্নমানের জমিতে যেমন ভালো ফসল ফলানো কঠিন, তেমনি অযোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি দেশকে কাঙ্ক্ষিত অবস্থানে নেওয়াও সম্ভব নয়।
তিনি বলেন, দেশে বারবার সরকার ও শাসক পরিবর্তন হলেও দুর্নীতি ও অনিয়মের অবসান হয়নি। ব্রিটিশ শাসনের অবসান, পাকিস্তান থেকে স্বাধীনতা এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও চুরি ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, শুধু শাসক পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। দুর্নীতির মূল কারণ দূর করতে হবে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘সরিষার মধ্যেই যদি ভূত থাকে, সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো যায় না।’