জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে এনসিপির মাত্র ছয়জন সদস্য থাকলেও তাদের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই, তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে।” তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম কারও কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি এবং সংসদে এনসিপির ছয়জন সদস্য ২১২ জনের সমপরিমাণ ভূমিকা রাখছেন।
নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে এনসিপিকে ‘চিলড্রেন পার্টি’ বলে উপহাস করা হয়েছিল এবং অনেকে ধারণা করেছিলেন দলটি ৫০০ ভোটও পাবে না। তবে সাধারণ মানুষের সমর্থনে তারা ১ লাখ ৬৮ হাজার ভোট পেয়েছেন এবং কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেয়র পদে তরুণদের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। পরাজিত হলেও নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।